একদিকে পবিত্র রমজান মাস, অন্যদিকে অসহনীয় গরম; এমন পরিস্থিতিতে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে সিলেটের মানুষ অতিষ্ঠ।
সপ্তাহের প্রায় প্রতিদিনই বিজ্ঞপ্তি দিয়ে বিদ্যুৎ বিভাগ বলছে বিদ্যুৎ না থাকার কথা জানাচ্ছে। সংস্কার কাজের কথা বলে প্রতি সপ্তাহে ছুটির দিনে ৭ থেকে ১০ ঘণ্টা বন্ধ রাখা হচ্ছে সরবরাহ। সংস্কারের নাম করে দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার পাশাপাশি ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট নিয়ে নগরবাসীর মধ্যে ক্ষোভ জন্মেছে।
আজ শনিবারও সিলেটের বেশ কিছু এলাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। বৃহস্পতিবার বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে একটু বাতাস ও বৃষ্টি এলেই বন্ধ হয়ে যাচ্ছে বিদ্যুৎ সরবরাহ। বিদ্যুতের এমন ভেলকিবাজিতে দুর্ভোগ চরমে পৌঁছেছে।
লকডাউনে নগরের সব মার্কেট ও শপিং মল বন্ধ থাকার পরও কেন এত বিদ্যুৎ বিভ্রাট তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। যদিও এর সঠিক কোন ব্যাখ্যা নেই বিদ্যুৎ বিভাগের কাছে।
মূলত, গত ১৯ নভেম্বর সিলেট কুমারগাঁও সাব-স্টেশনে অগ্নিকাণ্ডের পর এ বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে।











