মজলুম ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ করায় কাশ্মীরে ২১ জনকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ।
‘শৃঙ্খলা বিঘ্নিত করার অপরাধে’ তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ।
শনিবার এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, কারা ফিলিস্তিনের দুর্ভাগ্যজনক অবস্থাকে ব্যববহার করে কাশ্মীরে শান্তি ও শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে, সেদিকে তারা কড়া নজর রাখছিলেন।
পুলিশ বলছে, জনগণকে উসকে দিয়ে সহিংসতা ছড়াতে পারে এবং জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন কোনো কিছু তারা বরদাশত করবেন না।
শনিবার একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘যাদের গ্রেফতার করা হয়েছে তারা সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের পোস্ট করেছে, ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছে এবং গ্রাফিতি এঁকেছে। এদের মধ্যে একটি বড় অংশকে ‘এমন আর না করার শর্তে’ তাদের বাবা-মায়ের কাছ থেকে নিশ্চয়তা নেয়ার পরে ছেড়ে দেয়া হবে।’
নতুন করে শুরু হওয়া ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বের অনেক দেশেই ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। এর মাঝে জর্ডান, লেবানন, পাকিস্তান উল্লেখযোগ্য।
সূত্র : টিআরটি












