পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের গ্রেফতারের ঘটনা খুবই দুঃখজনক। এই ঘটনায় দেশের ভাবমূর্তি নষ্ট হতে পারে এবং এই পরিস্থিতি পররাষ্ট্র মন্ত্রণালয়কে মোকাবিলা করতে হবে। এটি অনভিপ্রেত এবং দুঃখজনক ঘটনা। আমি আশা করবো এই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে।
বৃহস্পতিবার (২০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পরে মন্ত্রী এসব কথা বলেন।
আব্দুল মোমেন বলেন, যে ঘটনা ঘটেছে সেটি খুব দুঃখজনক। সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যানেজ করা উচিত ছিল। গুটি কতক লোকের জন্য এই বদনামটা হচ্ছে এবং আমি জানি পররাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে আমাদের এটি ফেস করতে হবে।
এ ঘটনা নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ যথার্থ মন্তব্য করেছেন জানিয়ে তিনি বলেন, আমার সহকর্মীরা বলেছেন রোজিনা ইসলামের ন্যায়বিচার হবে। তারা বলেছেন এটি দুঃখজনক, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত ঘটনা।
সংবাদ মাধ্যম দেশের জন্য বিরাট কাজ করছে। তাদের কারণে আমরা বালিশ কাণ্ড শুনেছি, আপনাদের কারণে আমরা লাখ টাকার সুপারি গাছের কথা শুনেছি, আপনাদের কারণে সেই শাহেদ করিমের (রিজেন্ট ডায়াগনোস্টিক সেন্টার) তথ্য পেয়েছি। সরকার প্রতিটা ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে। এসব করে আপনারা সরকারকে খুব সাহায্য করছেন, বলে মন্তব্য করেন তিনি।











