একাদশ জাতীয় সংসদের শূন্য চারটি আসনে আগামী জুলাই মাসে উপ-নির্বাচনের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের তারিখসহ তফসিল আগামী ২৪ মে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার। আসনগুলো হলো- লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫।
বুধবার (২০ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া কক্ষে এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সচিব এই তথ্য জানান।
এর আগে বিকেল ৩টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে ইসির কমিশন সভা অনুষ্ঠিত হয়।
সভাশেষে ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, এ চারটি আসনে নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। লকডাউন চলার কারণে সময়সূচি ঘোষণা করা হয়নি। আগামী ২৪ মে নির্বাচনের পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে এসব তারিখ ঠিক করা হবে।
তিনি বলেন, শূন্য আসনে যেহেতু এসব উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। তাই কমিশন এই চারটি আসনে জুলাই মাসে নির্বাচন আয়োজন হবে।











