রাষ্ট্রীয় গোপন নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগ এনে ‘অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট’ আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দি সাংবাদিক রোজিনা ইসলাম যাতে ন্যায়বিচার পান ও কারা হেফাজতে যথাযথ সম্মান পান তা নিশ্চিতে অঙ্গীকার করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
তবে রোজিনাও ভুল করে থাকতে পারেন বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী বিষয়টিকে ‘ইমোশনালি’ না দেখে বাস্তবতার নিরিখে বিচারের অনুরোধ জানান।
বৃহস্পতিবার (২০ মে) দুপুরে রাজধানীর মিন্টোর রোডের বাসভবনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যরা স্মারকলিপি দিতে গেলে মন্ত্রী এ অঙ্গীকার ব্যক্ত করেন।
হাছান মাহমুদ বলেন, আমি, আপনি যে কোনো সময়েই ভুল করতে পারি। মানুষমাত্রই ভুল করে। রোজিনা ইসলামও ভুল করতে পারেন। কেউ ভুলের ঊর্ধ্বে নয়, তা মাথায় রাখতে হবে। আমি আপনাদের মন্ত্রী, আপনাদের মানুষ। সুতরাং আপনাদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে দেখে যতোটুকু করার সেটুকু করার সর্বোচ্চ প্রচেষ্টা আমার থাকবে।
হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, তাদের (ডিআরইউ সদস্য) মূল দাবি হচ্ছে- নিরপেক্ষ তদন্ত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত নয়, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের অনুরোধ করেছেন তারা। আমি বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব।











