স্ত্রীর কাছে দায়িত্ব দিয়ে আগামী ৯ জুন দেশ ছাড়ছেন নোয়াখালীর বসুরহাটের আলোচিত মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা।
বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে বসুরহাট পৌর মিলনায়তনে কোম্পানীগঞ্জ উপজেলা ও পৌর মহিলা আওয়ামী লীগের ঈদ পরবর্তী মিষ্টি মুখ অনুষ্ঠানে দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন।
এসময় তার অবর্তমানে তার স্ত্রী আক্তার জাহান বকুল সকল বিষয় দেখাশোনা করবেন বলেও নেতাকর্মীদের সামনে ঘোষণা দেন কাদের মির্জা। স্ত্রীর কাছে সকল বিষয় বুঝিয়ে দেওয়া আছে বলেও জানান তিনি।
কাদের মির্জা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমার অনুপস্থিতে আমার স্ত্রী আক্তার জাহান বকুল আপনাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। যে কোনো কাজে তাকে আপনারা কাছে পাবেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার (৬ মে) আমার ডাক্তার দেখানোর নির্ধারিত তারিখ থাকলেও নানা কারণে যাওয়া হয়নি। অবশেষে আগামী বুধবার (৯ জুন) আমি আমেরিকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে সোমবার (২১ জুন) আবার দেশে ফিরবো।
কাদের মির্জা বলেন, গত শনিবার (২২ মে) বড়ভাই সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে ঢাকায় দেখা করেছি। তিনি আমার শারীরিক অবস্থা দেখে দ্রুত ডাক্তার দেখানোর পরামর্শ দেন। তাই আমি নিয়মিত রুটিন চেকআপে দেশের বাইরে যাচ্ছি।











