ভারতের পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় ইয়াসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড়ে বিপর্যস্তদের মধ্যে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
গতবছর আম্পানের ত্রাণ বিতরণ ও ক্ষতিপূরণের অর্থ নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল। ত্রাণ বিতরণে সেই দুর্নীতির কথা স্বীকার করে তদন্ত শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখান থেকে শিক্ষা নিয়ে নতুন কৌশলে ক্ষতিপূরণের অর্থ দেওয়ার পথে হাঁটতে চাইছেন তিনি। তবে আম্পান থেকে শিক্ষা নিয়ে এবার ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলি ও ক্ষতিপূরণের অর্থ দিতে নতুন কৌশল নিয়েছেন মমতা।
শুক্রবার (২৮ মে) ইয়াস পরবর্তী ত্রাণ ও ক্ষতিপূরণ নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে মোদি-মমতার।
আম্পানে ক্ষতিগ্রস্তদের ৪৮ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণের অর্থ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন মমতা। আর তাতে প্রকৃত ক্ষতিগ্রস্তরা অনেকেই সরকারি ত্রাণের টাকা পাননি। বিজেপি অভিযোগ করে অর্থ পেয়েছেন তৃণমূল সমর্থক কিংবা তৃণমূল নেতাদের পরিবারের সদস্যরা।
তবে এবার মমতা বলেছেন, ৩ জুন থেকে ১৫ জুন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের আবেদন করতে হবে। ১৯ জুন থেকে ৩০ জুন পর্যন্ত সেই আবেদন খতিয়ে দেখা হবে। যাচাই বাছাই শেষে ১ জুলাই থেকে ৮ জুলাইয়ের মধ্যে ক্ষতিপূরণের অর্থ ব্যাংকে পৌঁছে যাবে।












