spot_img

মাদ্রাসা-মসজিদেও দলীয়করণ হচ্ছে: নুর

শুধু প্রশাসনে নয় মসজিদ মাদ্রাসায়ও দলীয়করণ হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি এবং ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদের সমন্বয়ক নুরুল হক নুর।

শনিবার (২৯ মে) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন।

নুর বলেন, আজকে শুধু প্রশাসনে নয়, মসজিদ মাদ্রাসায়ও তারা দলীয়করণ করছে। মাদ্রাসা যারা চালান, তারা যদি সরকারবিরোধী মনোভাবের হয় তাদের সরিয়ে দিয়ে সরকারের অনুগত লোককে দায়িত্ব দেওয়া হয়। এটি রুখতে আমাদের দরকার রাজনৈতিক ঐক্যমতের।

আমাদের মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন আনতে হবে উল্লেখ করে ডাকসুর সাবেক ভিপি বলেন, বলা হয়, শুধু রাজনৈতিক দলের দায়িত্ব, দেশের নাগরিক হিসেবে আপনাদেরও দায়িত্ব আছে। আজকের এই পরিস্থিতির জন্য আমি এবং আপনি সবাই দায়ী। বেলারুশে করোনার মধ্যে নির্বাচনে ভোট দিতে পারেনি বলে জনগণ রাস্তায় নেমে এসেছে। ২০১৪, ২০১৮ সালে এ রকম নির্বাচন হয়েছে এ দেশে, আমাদের জনগণ কিছুই করেনি। এই অবস্থা থেকে উত্তরণের জন্য জনগণকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। মানুষকে সংগঠিত হতে হবে।

তিনি আরও বলেন, আমরা চাই বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক, নির্বাচন কমিশন কোনও ঠুঠ জগন্নাথ প্ৰতিষ্ঠানে পরিণত হবে না। ভারতে কমিশন যেভাবে কাজ করেছে ঠিক সেভাবে কাজ করবে। কালকেই নির্বাচন ঘোষণা করলেই হবে না। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে সে সরকারকে দায়িত্ব দিতে হবে রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে। সেই সরকারের কাজ হবে অসঙ্গতিগুলোকে লাইনে নিয়ে আসা।

এ সময় আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ