দেশে করোনা সংক্রমণ রোধ করতে চলমান লকডাউনে সারাদেশে নিম্ন আদালতসমূহে ৩১৯০টি আবেদনের ভার্চুয়াল শুনানি ও নিষ্পত্তি করে ১৪০৭ জন আসামিকে জামিন দেওয়া হয়েছে। এর ফলে সর্বমোট ৩০ কার্যদিবসে ৯৪ হাজার ৮৪০টি মামলায় ভার্চুয়াল শুনানির মাধ্যমে মোট ৪৯ হাজার ৯০৫ জন হাজতি জামিনপ্রাপ্ত হয়ে কারামুক্ত হয়েছে।
শনিবার (২৯ মে) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, করোনা সংক্রমণ রোধকল্পে দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন এবং অতীব জরুরি ফৌজদারি দরখাস্তের ওপর শুনানি হয়েছে।
গত ২৭ মে সারাদেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে ৩১৯০টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি করা হয়েছে এবং ১৪০৭ জন হাজতি অভিযুক্ত আসামিকে জামিন দেওয়া হয়েছে।












