পাঁচদিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে ছিনতাই হওয়া দামি মোবাইল ফোনটি। মোবাইলটি উদ্ধারে রাতদিন কাজ করছে পুলিশসহ আইনশৃঙ্খলায় নিয়োজিত সদস্যরা। ইতোমধ্যে আটঘাট বেঁধে মাঠে নেমেছে গোয়েন্দা সদস্যরাও। তবে উদ্ধার তো দূরের কথা, মোবাইলটি কোন এলাকায় আছে সেটিও জানতেন পারেননি তারা।
রাজধানীতে রাত-দুপুরে হাত থেকে মোবাইল চুরি হওয়ার অভিযোগ ভুক্তিভোগীদের দীর্ঘদিনের। অনেক মহিলার পরিহিত স্বর্ণাঙ্কারও ছিনতাই করে ছিনতাইকারীরা। তবে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ এবং সফলতার দাবী করে আইনশৃঙ্খলা বাহিনী।
কিন্তু এবার গানম্যানের পাহারায় থাকা পরিকল্পনা মন্ত্রীর হাত থেকে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় প্রশ্নটি নতুন করে উঠছে।
গত ৩০ মে সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণী মোড় এলাকায় ট্রাফিক সিগন্যালে গন্তব্যের অপেক্ষমাণ গাড়িতে বসে মোবাইল ব্রাউজ করছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় গাড়ির গ্লাস খোলা থাকায় হঠাৎ ছোঁ মেরে ফোনটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারী। এ সময় মন্ত্রীর প্রটৌকল গাড়িতে থাকা গানম্যান ও পুলিশ সদস্যরা পিছু নিলেও ছিনতাইকারীকে ধরতে পারেনি।
এ ঘটনায় ওই দিন রাত ১২ টায় মিরপুরের কাফরুল থানায় মামলা দায়ের করেন মন্ত্রীর ব্যক্তিগত সহকারী। এরপর থেকেই মোবাইলটি উদ্ধারে কাফরুল থানাসহ সংশ্লিষ্ট এলাকার গোয়েন্দা পুলিশও কাজ শুরু করে। কিন্তু কিছুতেই মিলছে না ছিনতাই হওয়া ফোনের খোঁজ।
জানা গেছে, ইতোমধ্যে তেজগাঁও, বিজয় সরণী, আগারগাঁও, চন্দ্রিমা উদ্যানসহ আশপাশের চিহ্নিত বিভিন্ন ছিনতাই ও চোর চক্রের একাধিক সদস্যকে জিজ্ঞাসাবাদ করেছে মোবাইল উদ্ধারে মাঠে নেমে কাজ করা পুলিশ ও গোয়েন্দা সদস্যরা। তবে তাদের কেউই পরিকল্পনামন্ত্রীর মোবাইলের বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি।











