তুরস্কের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আদনান ওজবেলের আমন্ত্রণে দেশটিতে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল। গত ২৭ মে রাষ্ট্রীয় সফরে তুরস্ক যান তিনি।
শুক্রবার (৪ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানান।
আইএসপিআর জানায়, তুরস্ক সফরকালে এম শাহীন ইকবাল তুরস্কের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আদনান ওজবেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে নৌপ্রধানরা বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যকার প্রশিক্ষণ, জাহাজ নির্মাণ, সাইবার নিরাপত্তায় পারস্পারিক সহযোগিতা বাড়ানোসহ বিভিন্ন দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
তুরস্ক অবস্থানকালে দেশটির মেরিটাইম সিকিউরিটি সেন্টার, নেভাল ওয়্যার কলেজ, ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ড, গোলচুক নেভাল কমান্ড ও শিপইয়ার্ডসহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামাদি নির্মাতা ও জাহাজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, সামরিক জাদুঘর, বিভিন্ন ঘাঁটি ও স্থাপনাগুলো পরিদর্শন করেন নৌপ্রধান।











