জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মুহাম্মাদ কাদের বলেছেন, করোনাভাইরাসের টিকা সংগ্রহে কেবল আশার বাণী শোনা যাচ্ছে।
সোমবার (৭ জুন) জাতীয় সংসদে চলতি ২০২০-২১ অর্থ বছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, টিকা কোথায় থেকে কীভাবে আসবে তার কেবল আশার বাণী শুনতে পাচ্ছি। নিশ্চিতভাবে কবে কোথা থেকে আসবে সেই তথ্য পাচ্ছি না। সরকারের এই বিষয়টি স্পষ্ট করা প্রয়োজন।
জিএম কাদের আরও বলেন, করোনার মধ্যে সবাই বিভীষিকাময় জীবন যাপন করছে। উন্নত বিশ্ব সবাইকে টিকার আওতায় এনে সবকিছু আস্তে আস্তে খুলে দিচ্ছে। এতে অনেক উন্নত দেশ এগিয়ে গেছে। অনেক অনুন্নত দেশও তা করার চেষ্টা করছেন।
আমাদের দেশে সরকার টিকা প্রদানে যে পরিকল্পনার কথা বলেছে তাদের দেশের ৮০ শতাংশ মানুষকে এক ডোজ টিকা দিতে ৫ বছর লাগবে। দুই ডোজ দিতে ১০ বছর লাগবে। এই পরিকল্পনায় এগুলে ১০ বছরে দেশের অর্থনীতি কী হবে তা বুঝতে পারছি না।











