ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য মাওলানা নূরুল হুদা ফয়েজী বলেছেন, দেশে গুম, খুন বেড়েই চলছে। মানুষের মৌলিক অধিকার ও বাক-স্বাধীনতা নেই। অনেক আলেম-ওলামাদের হয়রানি করা হচ্ছে অন্যায় ভাবে। যেসব অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে তা আদালতে প্রমাণের আগেই তাদের অপরাধী বলে অভিহিত করছে সরকার দলীয় লোকজন। যা অত্যন্ত অন্যায় এবং অবমাননাকর।
তিনি বলেন, নিরাপরাধ কোনো নাগরিক এবং আলেমকে হয়রানি করা থেকে সরকারকে বিরত থাকতে হবে।
বুধবার (১৬ জুন) সন্ধ্যায় পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মজলিসে আমেলার জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা রাষ্ট্রের অর্থ লুটপাটের সাথে জড়িত তাদের কিছুই করতে পারছেনা দুদক। ছাত্রলীগের মাদারীপুর জেলা সভাপতি পাঁচার করেছে ২০০ কোটি টাকা। দুর্নীতি দমন কমিশন সেই টাকার তদন্ত করতে পারেনি। বাংলাদেশ ব্যাংকের লকাবের স্বর্ণ গায়েব হয়ে যায়, তার তদন্ত না করে দুদকের আলেমদের সম্পদের তদন্তের উদ্যোগ উদ্দেশ্যমূলক।
তিনি আরও বলেন, আলেমদের হয়রানি করা এবং তাদেরকে জনসম্মুক্ষে হেয় প্রমাণ করার জন্য তাদের পেছনে দুদককে লাগানো হয়েছে। যা সরকারের জন্য কল্যাণকর হবে না।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, আমিনুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম প্রমুখ।











