মিয়ানমারে অস্ত্র বিক্রির ওপর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটির জান্তা সরকার। প্রস্তাবটি নিয়ে আপত্তি জানিয়ে মিয়ানমারের তরফে জাতিসংঘ মহাসচিব এবং সাধারণ পরিষদের প্রেসিডেন্টকে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শনিবার (১৯ জুন) এক বিবৃতিতে এ বিষয়ে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেছে মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, এই প্রস্তাব মেনে চলার কোনও আইনি বাধ্যবাধকতা নেই। ‘একপাক্ষিক অভিযোগ ও ভুল ধারণার’ ভিত্তিতে এটি করা হয়েছে।
১৮ জুন শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবটিতে নির্বাচিত সরকারকে উৎখাতের ঘটনায় জান্তা সরকারের নিন্দা জানানো হয়েছে। একইসঙ্গে অং সান সু চি-সহ রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়েছে। আইনগতভাবে জাতিসংঘ সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাব মানা বাধ্যতামূলক না হলেও, রাজনৈতিকভাবে এটি গুরুত্বপূর্ণ।
মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন স্কোরানের বার্গেনার সাধারণ পরিষদে বলেছেন, বড় ধরনের গৃহযুদ্ধের আশঙ্কা সেখানে বাস্তব হয়ে দেখা দিয়েছে। সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ কমে আসছে।












