ক্ষমতায় থাকাকালে দেশের করোনা সংক্রমিত নাগরিকদের গুয়ান্তানামো বে-তে পাঠাতে চেয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সম্প্রতি প্রকাশিত একটি বইয়ের বরাত দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে। এতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আমেরিকাজুড়ে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে করোনা মোকাবেলার সময় সিচুয়েশন রুম থেকে প্রেসিডেন্ট ট্রাম্প তার সহকর্মীদের কাছে জানতে চেয়েছিলেন, “আমাদের কোনো দ্বীপ নেই?” এরপর তিনিই বলেছিলেন, “গুয়ান্তানামো বে কেমন হবে?”
ট্রাম্পের এই কথা শুনে তার সহকর্মীরা অবাক হয়েছিলেন। ট্রাম্পের এ চিন্তা সেখানেই শেষ হয়, দ্বিতীয়বার আর উত্থাপিত হয়নি।
কিউবার কাছে গুয়ান্তামো বে-তে রয়েছে কুখ্যাত কারাগার যেখানে সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ের নামে মুসলিম দেশের বহু লোকজনকে ধরে আটকে রাখা হয়েছে। সেখানে তাদের ওপর অকথ্য নির্যাতন চালানো হয়।












