মুসলিম বিদ্বেষী সন্ত্রাসী হামলার ঘটনা বেড়ে যাওয়ায় ইসলাম বিদ্বেষী শেতাঙ্গ উগ্রবাদী সংগঠনের তালিকা তৈরি করছে কানাডা। এরই ধারাবাহিকতায় থ্রি পারসেন্টার্স, দা আরয়ান স্ট্রাইক ফোর্স এবং আমেরিকান নিও-নাজি গ্রুপসকে ওই তালিকাভুক্ত করেছে তারা।
শুক্রবার (২৫ জুন) ইসলাম বিদ্বেষী অন্যান্য শেতাঙ্গ উগ্রবাদী সংগঠনগুলোর তালিকায় এই তিনটি সংগঠনের নাম অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন দেশটির জন-নিরাপত্তামন্ত্রী বিল ব্লেয়ার।
থ্রি পারসেন্টার্সের ব্যাপারে বিল ব্লেয়ার বলেন, এই সংগঠনটির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের গভর্নরকে অপহরণের অভিযোগ রয়েছে। তাছাড়া কানাডিয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়া ও আলবার্টায় ইসলাম বিদ্বেষীদের জঙ্গি প্রশিক্ষণও দিয়ে থাকে তারা।
বিল ব্লেয়ার আরও বলেন, ইসলাম বিদ্বেষী শেতাঙ্গ উগ্রবাদী সংগঠনগুলোর অস্বাভাবিক বৃদ্ধি ঠেকাতে কিছু না কিছু করতে হতো।
কানাডার সিটিভি নিউজে বলা হয়, উগ্রবাদীর তালিকায় যেসব সংগঠনের নাম যুক্ত হয়েছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে এবং গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগে কঠিন শাস্তি হতে পারে।
ন্যাশনাল কাউন্সিল অফ কানাডিয়ান মুসলিমের (এনসিসিএম) প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা ফারুক জানান, থ্রি পারসেন্টার্স সংগঠনটিকে তিনি খুব ভালো করেই চিনেন।
তিনি বলেন, আলবার্টার এডমন্টোন যেখানে আমি বেড়ে উঠেছি সেখান থেকে কয়েক ঘন্টার দুরত্বে সংগঠনটির প্রশিক্ষণ কার্যক্রম চলতো। তারা তাদের কর্মীদের বিভিন্ন রেঞ্জের বুলেট, প্রাণঘাতী অস্ত্র, বোমা তৈরির প্রশিক্ষণ দিতো। মসজিদ ও র্যালিতে আক্রমণ এবং বোমা হামলার মতো জঘন্য ইতিহাসও রয়েছে তাদের।
তিনি আরও বলেন, ইসলাম বিদ্বেষী সন্ত্রাসীদের তালিকা তৈরির সিদ্ধান্ত, বিশেষত জুলাইয়ে আগামী মাসের শেষদিকে ইসলাম বিদ্বেষ বিষয়ক জাতীয় সম্মেলনের আয়োজন একটি ভালো পদক্ষেপ। ইন্টারন্যাশনাল মুসলিম অর্গানাইজেশনে (আইএমও) এবং লন্ডনে সন্ত্রাসী হামলার ঘটনার পর থেকেই কানাডার সবচেয়ে ভয়ংকর ইসলাম বিদ্বেষী শেতাঙ্গ দলগুলোর বিরুদ্ধে তাৎক্ষণিক কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়ার জন্য আমর আবেদন জানিয়ে আসছিলাম।
দেশের অন্যতম ভয়ংকর ইসলাম বিদ্বেষী শেতাঙ্গ দলটিকে ক্রিমিনাল কোডের আওতায় বিশেষভাবে সন্ত্রাসীদের তালিকাভুক্ত করে সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়েছে।
জানা যায়, রিপাবলিক অফ কঙ্গোর দায়েশের সাথে সম্পৃক্ত একটি সংগঠনকেও উগ্রবাদীর তালিকায় যুক্ত করেছে জাস্টিন ট্রুডোর সরকার। তাছাড়া বিশ্বব্যাপী ফ্যাসিবাদীদের সম্পৃক্ত নিও-ফ্যাসিস্ট গ্রুপ প্রাউড বয়কেও এই তালিকাভুক্ত করা হয়েছে। কানাডীয় সরকারের বিবেচনায় তারা আদর্শিকভাবেই বিদ্বেষমূলক সংঘাতে উজ্জীবিত।
প্রাউড বয় সেই ফ্যাসিবাদী সংগঠন যারা কি না গত বছরের ৬ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হাউজ এবং সিনেট অফিস উভয় জায়গায় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাণ্ডব পরিচালনার সাথে সম্পৃক্ত ছিলো।
উল্লেখ্য, কানাডায় চলতি মাসের শুরুতে এক ইসলাম বিদ্বেষী তার পিকআপ চাপিয়ে দিয়ে রাস্তায় হাটতে বের হওয়া ৫ সদস্যের একটি মুসলিম পরিবারের ৪ জনকে শহীদ করে। গাড়ি চাপায় ৪ জনের মৃত্যু হলেও সৌভাগ্যবশত পরিবারটির ৯ বছর বয়সী শিশু সদস্য আশঙ্কাজনক অবস্থায় বেঁচে যায়।
এর আগে ২০২০ এর সেপ্টেম্বরে ইন্টারন্যাশনাল মুসলিম অর্গানাইজেশনের (আইএমও) বাইরে বসে থাকা অবস্থায় এক মুসলিমকে ছুরিকাঘাতে মেরে ফেলার মতো মর্মান্তিক ঘটনা ঘটে দেশটিতে।
সূত্র: আনাদোলু্ এজেন্সি











