মৌসুমি বায়ুর প্রভাবে দেশে অতি ভারি বর্ষণ হতে পারে। সেইসঙ্গে চট্টগ্রামে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (১ জুলাই) চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। শুক্রবারও (২ জুলাই) ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জানান, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী শুক্রবার বিকেল ৩টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (৮৯ মিলিমিটারের বেশি) বর্ষণ হতে পারে।
ভারি থেকে অতি ভারি বর্ষণের প্রভাবে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।










