প্রায় সারা দেশেই একটানা বৃষ্টি ঝরছে। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বেড়েছে নদনদীর পানির উচ্চতা। ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে দেশের বিভিন্ন স্থানে।
শুক্রবার (২ জুলাই) বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এমন তথ্য জানা যায়।
জানা যায়, মৌসুমী বায়ুর প্রভাবে আগামী তিন থেকে চারদিনের মধ্যে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলো বন্যা কবলিত হতে পারে। এছাড়া পর্যায়ক্রমে দেশের মধ্যাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলেও বন্যা হতে পারে।
আগামী তিন দিন দেশের অন্যতম প্রধান তিনটি নদ-নদী-ব্রহ্মপুত্র, যমুনা ও পদ্মার পানি বেড়ে যাবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।
অন্যদিকে দেশের একাধিক স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার আশঙ্কা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীগুলোর পানি সমতল বাড়ছে, যা আগামী তিন দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।











