মহামারি করোনার রোগী শনাক্তের ঊর্ধ্বগতি এবং টানা ষষ্ঠ দিনের মতো মৃত্যু সংখ্যার একশ ছাড়িয়েছে। প্রায় প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। এর মধ্যেই স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকার পাঁচটি সরকারি হাসপাতালে করোনা রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ফাঁকা নেই। গুরুত্বপূর্ণ এই পাঁচটি হাসপাতালের সবগুলো আইসিইউ শয্যাই রোগী ভর্তি আছে।
শুক্রবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের আইসিইউ ইউনিটের ২৬ শয্যা, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের ১০ শয্যা, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০ শয্যা, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ২০ শয্যা এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ১০ শয্যার সবগুলোতেই রোগী ভর্তি রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোগী সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে হাসপাতালগুলোতে এখনো কিছুটা বেড ফাঁকা থাকলেও সেটা ক্রমেই রোগীতে ভর্তি হয়ে যাচ্ছে। আর সংক্রমণ এইভাবে বাড়তে থাকলে রোগী সামাল দেওয়া কঠিন হয়ে যাবে।











