নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আ.লীগ সরকারের পক্ষে করোনা মহামারী প্রতিরোধ করা সম্ভব নয়। কারণ এ জনবিচ্ছিন্ন সরকারের সেই সদিচ্ছাই নেই।
বুধবার (৭ জুলাই) ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মান্না বলেন, দেশে করোনা চিকিৎসার যে অবস্থা এভাবে চলতে থাকলে আগামী দিনগুলোতে যে কী ভয়াবহ পরিস্থিতি আমাদের জন্য অপেক্ষা করছে তা সহজেই অনুমেয়। ক্ষমতাসীন সরকার এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করবে না। অন্তত করোনা সংক্রমণের গত এক বছর চার মাসে তাদের আচরণে তা স্পষ্ট। তাই দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে এ স্বৈরাচার সরকারের পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করে এ ভয়াবহ সঙ্কট মোকাবেলা করার দাবি জানাচ্ছি।
মান্না আরও বলেন, দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। রাজধানী থেকে শহর ছাড়িয়ে গ্রামেও সংক্রমণ ছড়িয়ে বিভীষিকাময় এক পরিস্থিতি তৈরি হয়েছে। অক্সিজেনের অভাবে চোখের সামনে মানুষ মারা যাচ্ছে। ন্যূনতম চিকিৎসা পাচ্ছে না দেশের বেশির ভাগ মানুষ। আইসিইউ বেড দূরের কথা এখন পর্যন্ত অক্সিজেন, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা এমনকি করোনা পরীক্ষার পর্যাপ্ত কিটের ব্যবস্থা করতে পারেনি সরকার। কথিত লকডাউনে কাজ হারিয়ে সন্তানের মুখে এক মুঠো ভাত তুলে দিতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে অসহায় পিতা। কয়েক কোটি মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। এ সরকারের পক্ষে করোনা মহামারী প্রতিরোধ করা সম্ভব নয়। কারণ এ জনবিচ্ছিন্ন সরকারের সেই সদিচ্ছাই নেই।











