মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোন ভাবেই কাম্য নয় বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড.কামাল হোসেন।
তিনি বাজেটের অন্য খাতের টাকা কেটে হলেও সব মানুষের টিকা নিশ্চিত করার দাবি জানান।
তিনি বলেন, দেশের ভয়াবহ ও আশঙ্কাজনক পরিস্থিতি তে আমরা গভীর উদ্বিগ্ন। এই মুহূর্তে প্রয়োজন মানুষের জীবন রক্ষায় সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা। করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হয়েছে।
শুক্রবার (৯ জুলাই) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
ড. কামাল বলেন, করোনার ভয়াবহতা এবং জীবনহানি বহুগুণ বেড়ে যাবে, যার দায়িত্ব বর্তাবে সরকারের ওপর। সব নাগরিকের জন্য করোনার ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। বাজেটের অন্য খাতের টাকা কেটে হলেও, পৃথিবীর যে কোনো দেশ থেকেই হোক অগ্রাধিকারের ভিত্তিতে করোনার টিকা আমদানি করতে হবে।










