spot_img
spot_img

সিঁড়ি তালাবদ্ধ থাকায় সেজান কারখানায় মৃত্যু বেড়েছে: ফায়ার সার্ভিস

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান কারখানায় আগুন লাগার সময় ভবনের চতুর্থ তলার সিঁড়ির গেট তালাবদ্ধ থাকায় শ্রমিকদের প্রাণহানির সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (৯ জুলাই) ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্মন এ তথ্য জানান।

তিনি জানান, আমরা গাড়ির মই সেট করে ছাদ থেকে ২৫ জনকে উদ্ধার করেছি। বাকিরা যদি ছাদে উঠতে পারত, আমরা কিন্তু বাঁচাতে পারতাম।

তিনি আরও জানান, চতুর্থ তলায় যারা ছিলেন, সেখান থেকে ছাদে যাওয়ার সিঁড়ি তালাবদ্ধ ছিল। আর নিচের দিকে সিঁড়ির ল্যান্ডিংয়ে ছিল ভয়াবহ আগুন। উনারা নিচের দিকেও আসতে পারেননি, তালাবদ্ধ থাকায় উনারা ছাদেও যেতে পারেননি। ফলে প্রাণহানি বেড়েছে। এই একটি সিঁড়ি বন্ধ না থাকলে অনেক প্রাণ বাঁচানো যেত বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার বিকেলে কারখানায় আগুন লাগার পর শ্রমিকদের অনেকে ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছে। এখনো অন্তত ৪৫ জন শ্রমিক নিখোঁজ রয়েছে। ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলার আগুন নিভলে উদ্ধার অভিযান শুরু করা হবে। ওই দুই ফ্লোরে আরও অনেক লাশ থাকতে পারে। এরমধ্যে শুধু ষষ্ঠ তলায় চার শতাধিক শ্রমিক কাজ করতেন।

করোনায় চলমান লকডাউনের কারণে তাদের মধ্যে কতজন বৃহস্পতিবার উপস্থিত ছিলেন তা কেউ নিশ্চিত করে জানাতে পারেনি। তবে কারখানা সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বৃহস্পতিবার কারখানায় তিন হাজার শ্রমিক কাজ করছিলেন। অন্য সময় কাজ করতেন সাত হাজার শ্রমিক।

সবশেষ ৫৩ জনের লাশ উদ্ধারের তথ্য জানায় ফায়ার সার্ভিস।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ