আফগানিস্তানের গুরুত্বপূর্ণ প্রদেশ কাবুলের সুরবি জেলার ১৩০ গ্রামের মধ্যে ৭০টি গ্রাম নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান।
বৃহস্পতিবার (৮ জুলাই) এ তথ্য জানান স্থানীয় কর্মকর্তারা।
মার্কিনপন্থী সুরবি জেলার গভর্নর বলেন, তালেবান জগদলক জেলায় রুবি খনিগুলো দখলের চেষ্টা করছে। তবে তারা যেন এর দখল নিতে না পারে আমরা সে চেষ্টা চালিয়ে যাচ্ছি।
মার্কিনপন্থী আফগান সরকারের বাহিনী জানায়, কাবুল প্রদেশে ১৪ জেলা রয়েছে। এর মধ্যে হুমকির মধ্যে রয়েছে পাঁচ জেলা।
প্রসঙ্গত, দীর্ঘ দুই দশকের উপস্থিতির পর ফলাফলশূন্য হয়ে আফগান থেকে মার্কিন সেনা ও ন্যাটোকে প্রত্যাহার করতে বাধ্য হয় আমেরিকা। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা ১১ সেপ্টেম্বর বলা হয়েছিল। তবে গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হবে।
এদিকে আমেরিকার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তান থেকে দেশটি ৯০ শতাংশের বেশি সেনা প্রত্যাহার করে নিয়েছে। আমেরিকার সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যে আফগানিস্তানের ৩৪ প্রদেশের প্রায় ২০০ জেলা নিয়ন্ত্রণে নেওয়ার কথা জানিয়েছে তালেবান।
যুক্তরাষ্ট্র ২০০১ সালে আফগানিস্তানে আগ্রাসন শুরু করে। এ যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর অন্তত দুই হাজার তিনশ মতো সেনা প্রাণ হারায়। এছাড়া আমেরিকা ও ন্যাটোর হাজার হাজার সেনা আহত হয়। আমেরিকার এ যুদ্ধে আফগানিস্তানের হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে।












