spot_img

গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল। জনগণের কষ্টের দায় স্বীকার করে সরকার এই সংকট নিরসনে কাজ করছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, “গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল। জনগণের কষ্টের দায় স্বীকার করে সরকার এই সংকট নিরসনে কাজ করছে।”

তিনি জানান, জ্বালানি সংকট নিরসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এর সুফল পেতে সময় লাগবে।

তার ভাষ্য, রাতারাতি সব করে ফেলব, এমনটা আমরা বলছি না। অন্তত দুই বছর লাগবে জ্বালানির ক্ষেত্রে ভালো বা অনেকটা ভালো অবস্থায় যেতে।

দেশব্যাপী প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সাংস্কৃতিক কার্যক্রম প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে হবে। প্রায় বিপন্ন হয়ে পড়া সাংস্কৃতিক কর্মকাণ্ডে গতি আনতে হবে।

এ ছাড়া সাংস্কৃতিক কার্যক্রম বাড়াতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি।

গ্যাস সংকট নিয়ে বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিরোধী দল দায় চাপিয়ে দেবে, এটা তারা করবেই। তবে ব্লেইম করা উচিত নয়। বিরোধী দল অপ্রয়োজনে সরকারের ওপর চাপ প্রয়োগ করলে এবং দুর্ভোগ সৃষ্টি করলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।

তিনি বলেন, রাজপথের চেয়ে ভালো জায়গা সংসদ। তারা সেখানে যাক, যুক্তি তুলে ধরুক। তারা অযৌক্তিক আন্দোলন করে জনগণের ভোগান্তি তৈরি করছে।

তিনি আরও বলেন, মানুষ একটু না, মানুষ আসলে যথেষ্ট কষ্ট পাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে দুঃখ প্রকাশ করেছেন। আমাদের বক্তব্যটা খুব স্পষ্ট। মানুষের কষ্টটা সত্য। কিন্তু এটার জন্য আমাদের দোষ দেওয়াটা ঠিক না। বিরোধী দল আমাদের ওপর দায় চাপিয়ে দেবে, দিয়ে তারা আন্দোলন করবে, এটাও যৌক্তিক নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ