আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এখন রাজনীতি হচ্ছে মানুষের সুরক্ষার পাশাপাশি অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো। কিন্তু বিএনপি করোনাকালেও প্রতিদিন সরকারের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
শুক্রবার (৯ জুলাই) নিজ সরকারি বাসভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, নেতিবাচক রাজনীতির কারণে নির্বাচন ও আন্দোলনে বিএনপির ব্যর্থতা স্পষ্ট। তাদের মেরুদণ্ড ভেঙে গেছে এবং সংগঠন হয়ে গেছে দুর্বল, তাই অনেকেই মনে করেন বিএনপি শেষ হয়ে গেছে।
ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ বিরোধী সব শক্তির অভিন্ন প্ল্যাটফর্ম বিএনপি এবং তারা স্বাধীনতা-স্বার্বভৌমত্ব ও উন্নয়নবিরোধী সব অপশক্তির মোহনা। এ দেশের রাজনীতিকে কলুষিত করতে জনগণ ও দেশের সম্পদ ধ্বংস এবং লুণ্ঠনে বিএনপি নেতৃত্বাধীন শক্তি এখনও সক্রিয়।
তিনি বলেন, বিএনপি দেশের এই সংকটে মানুষের পাশে তো দাঁড়ায়নি, স্বাস্থ্যবিধি সম্পর্কে ন্যূনতম কোনো সচেতনতামূলক ক্যাম্পেইন করতেও দেখা যায়নি।











