মার্কিনপন্থী আফগান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক অ্যারিয়ান বলেছেন, আফগানিস্তানের সেনাবাহিনী স্থল ও আকাশপথে তালেবানের যেকোনো হুমকির জবাব দিতে প্রস্তুত রয়েছে।
সম্প্রতি সংবাদমাধ্যম বিবিসি ফার্সিকে এ কথা বলেন তিনি।
মার্কিনপন্থী তারিক অ্যারিয়ান তালেবান যোদ্ধাদের জঙ্গি আখ্যা দিয়ে তাদের লাশ (পাকিস্তানের) পাঞ্জাবের গণকবরগুলোতে দাফন করা হচ্ছে বলে দাবি করেন।
পাঞ্জাবে এখন আর কবর খোঁড়ার মতো স্থান বাকি নেই বলে গণকবরে এসব লাশ চাপা দিতে হচ্ছে বলে বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, দীর্ঘ দুই দশকের উপস্থিতির পর ফলাফলশূন্য হয়ে আফগান থেকে মার্কিন সেনা ও ন্যাটোকে প্রত্যাহার করে নিতে বাধ্য হয় আমেরিকা। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা ১১ সেপ্টেম্বর বলা হয়েছিল। তবে গত বৃহস্পতিবার (৮ জুলাই) হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আগামী ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেওয়া হবে।
এদিকে আমেরিকার সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তান থেকে দেশটি ৯০ শতাংশের বেশি সেনা প্রত্যাহার করে নিয়েছে।
আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে একের পর এক জেলা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে তালেবান। এতে তালেবানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে মার্কিনপন্থী আফগান সরকারি বাহিনী। তবে তাদের মদদদাতা বিদেশি শক্তিগুলো না থাকায় বেশ বেকায়দায় পড়তে হচ্ছে তাদের। এমনকি তালেবানের সঙ্গে টিকতে না পেরে সীমান্ত বর্ডার পেরিয়ে অন্যত্র পলায়নও করছে আফগান সরকারি বাহিনীর সেনারা।












