নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুড বেভারেজের সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক শ্রমিকের নিহত হওয়ার ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান মুহাম্মাদ আবুল হাসেম ও এমডি সজীবসহ ৮ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১০ জুলাই) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেন, সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সজীব গ্রুপের চেয়ারম্যান ও এমডিসহ আট জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হবে। ফায়ার সার্ভিস ও পুলিশের তদন্তে কারখানা মালিকপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। এসব বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে আগুন। তবে এ সময়ের মধ্যে ৫২ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত হয়েছে আরও অর্ধশতাধিক শ্রমিক।












