spot_img

১২০০ শয্যার ফিল্ড হাসপাতাল হবে বিএসএমএমইউ-তে: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে চিকিৎসাসেবা দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হচ্ছে ১ হাজার ২০০ শয্যাবিশিষ্ট ফিল্ড হাসপাতাল।

শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হল পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সংশ্লিষ্ট সকল হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শয্যা সংখ্যা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। বিএসএমএমইউয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে সুন্দর অবকাঠামো রয়েছে। ফলে এখানে ফিল্ড হাসপাতালে ৪০০ আইসিইউ এবং ৪০০ এইচডিইউসহ হাজার থেকে ১২০০ শয্যার হাসপাতাল চালু করা সম্ভব হবে।

তিনি বলেন, গত ১০ দিনে কমপক্ষে ৯০ হাজার করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। সম্প্রতি রোগী বেড়েছে ৮ গুণ। শতকরা ৮০ ভাগ শয্যায় রোগী ভর্তি রয়েছে। দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলো করোনাভাইরাসে আক্রান্ত রোগী তৈরি করে না। যেখান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে যেমন অলিগলি, চায়ের দোকান, বাজার- সেখানেই নজর দিতে হবে। মানুষকে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করতে হবে। এই ভাইরাস থেকে মুক্তির উপায় হলো একে নিয়ন্ত্রণ করা।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা, চীনের ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠান সিনোফার্মের ৫০ লাখ ডোজ সিনোভ্যাক, যুক্তরাষ্ট্রের ওষুধ নির্মাণকারী প্রতিষ্ঠান ফাইজার বায়োএনটেক এর ৬০ লাখ ডোজ টিকাসহ বিভিন্ন উৎস থেকে প্রায় পৌনে ২ কোটি টিকা আগামী এক-দুই মাসের মধ্যেই পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মুহাম্মাদ শারফুদ্দিন আহমেদ জানান, করোনা রোগীদের চিকিৎসাসেবার জন্য ফিল্ড হাসপাতাল তৈরির যাবতীয় প্রস্তুতি রয়েছে। সরকারের প্রয়োজনীয় সহায়তা পেলে দ্রুততম সময়ের মধ্যে এই হাসপাতাল চালু করা হবে।

এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মুহাম্মাদ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ