সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তের বিপরীতে ভারতের হিঙ্গলগঞ্জে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
সোমবার রাতে বিএসএফের হিঙ্গলগঞ্জ ক্যাম্প সদস্যরা গুলি করে তাকে হত্যা করে। নিহতের মরদেহ বিএসএফের কাছে রয়েছে বলে জানা গেছে।
নিহত যুবকের নাম আবদুর রাজ্জাক। তিনি কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের রমজান আলি গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, রাজ্জাক একজন গরু ব্যবসায়ী। গরু কিনতে তিনি ভারতে গিয়েছিলেন।
সোমবার রাতে বিএসএফের হিঙ্গলগঞ্জ ক্যাম্প সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থল ঘোষপাড়া গ্রামে নিহত হন তিনি।
বিএসএফ পরে লাশটি তাদের হেফাজতে নিয়ে যায়। ফেসবুকের মাধ্যমে আব্দুর রাজ্জাকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন ভাড়াশিমলা ইউপি সদস্য আব্দুল খালেক।
এদিকে লাশ ফেরত পাওয়ার জন্য আব্দুর রাজ্জাকের পরিবারের লোকজন বিজিবির বসন্তপুর ক্যাম্পে যোগাযোগ করেছে। তারা তাদের মাধ্যমে লাশ ফেরত আনার চেষ্টা করছে।











