আগামী ১১ আগস্ট থেকে শিথিল হচ্ছে সর্বাত্মক লকডাউন। তবে এ সময় মানতে হবে স্বাস্থ্যবিধি। মুখে থাকতে হবে মাস্ক। খুলবে সরকারি-বেসরকারি অফিস। চলবে গণপরিবহণ। বাসে শতভাগ আসনে যাত্রী বসলেও মোট সংখ্যার অর্ধেক বাস চলবে রুটগুলোতে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ১১ আগস্ট থেকে সড়কে অর্ধেক গণপরিবহণ নামানোর সিদ্ধান্ত নেওয়ার আগে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সঙ্গে কথা বললে ভালো হতো।
রোববার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে যে প্রজ্ঞাপন জারি করেছে, তাতে ১১ অগাস্ট থেকে গণপরিবহণের ক্ষেত্রে প্রত্যেক এলাকার প্রতিদিন মোট যানবাহনের অর্ধেক গাড়ি রাস্তায় নামানোর শর্ত দেওয়া হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, কারণ অর্ধেক গাড়ি চলবে, আর অর্ধেক চলবে না, এটার নিশ্চয়তা কে দেবে? এটা ঠিকমতো হবে কি না? আগে আলাপ করলে আমরা আমাদের মতামত দিতাম।
বাস মালিকরা ইতোমধ্যে এই শর্ত পরিবর্তন চেয়ে বলেছেন, তারা অর্ধেক আসন নিয়ে সব যানবাহনই চালাতে চান।











