প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার নবনিযুক্ত প্রধানমন্ত্রী দাতো সিরি ইসমাইল সাবরি বিন ইয়াকুবকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাতে পেরে আমি খুব আনন্দিত।
শনিবার (২১ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
শেখ হাসিনা বলেন, তার ওপর অর্পিত মালয়েশিয়ার জনগণের বিশ্বাস ও আস্থা তার দীর্ঘকালীন রাষ্ট্রনায়কত্ব, বিচক্ষণতা ও জনসাধারণের প্রতিশ্রুতির স্পষ্ট সাক্ষ্য বহন করে।
প্রধানমন্ত্রী আস্থা ব্যক্ত করেন, ইসমাইল সাবরির গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে মালয়েশিয়া তার কাঙ্ক্ষিত লক্ষ্যে আরও সমৃদ্ধ ও অগ্রসর হবে।
তিনি বলেন, উভয় দেশই সুবিধাজনক অবস্থানে থেকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে শিক্ষা, মানবসম্পদ, ব্যবসা, বিনিয়োগ, পর্যটন, নির্মাণ শিল্প ও কৃষিক্ষেত্র সহযোগিতামূলক অংশীদারিত্ব শক্তিশালী করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
মালয়েশিয়ায় বাসবাসরত উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী দেশটির উন্নয়ন ও বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখাতেও প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বলেন, তিনি ইসমাইল সাবরির সাথে দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে একযোগে কাজ করার অপেক্ষায় আছেন। শেখ হাসিনা নবনিযুক্ত প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মালয়েশিয়ার জনগণের সমৃদ্ধি কামনা করেন।
সূত্র: বাসস











