স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই ছিল বঙ্গবন্ধুর রাজনীতি ও আন্দোলনের মূল দর্শন।
সোমবার (২৩ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় আয়োজিত সংসদ ভবনস্থ শপথ কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা, দু‘আ ও মুনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এ কথা বলেন।
স্পিকার বলেন, ব্যক্তিগত জীবনে বঙ্গবন্ধুর চাওয়া-পাওয়ার কিছু ছিল না। সারাজীবন বাঙালির অধিকার প্রতিষ্ঠা, দেশের মানুষের অর্থনৈতিক-রাজনৈতিক মুক্তির জন্য সংগ্রাম করে গেছেন। জমিদারী প্রথার বিরুদ্ধেও তিনি কথা বলেছিলেন। শোষিত-বঞ্চিত মানুষের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে থেকে একটি স্বাধীন রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা তিনি।
স্পিকার আরও বলেন, সাধারণ মানুষকে সম্পৃক্ত করে রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আন্দোলন-সংগ্রামকে তিনি বেগবান করেছেন। যথাযথ সময়ে যথাযথ সিদ্ধান্ত বাস্তবায়নের বিরল প্রতিভা তাঁর মধ্যে আমরা দেখতে পাই।
অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সংসদ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস











