শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অগ্রগতি ও সমৃদ্ধির মাধ্যমে ঘাতকদের ষড়যন্ত্রের জবাব অব্যাহত আছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে স্বাধীনতা বিসিএস সাধারণ শিক্ষা সংসদের ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ঘাতকচক্র এদেশের সংস্কৃতিকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই স্বপ্ন মিথ্যা প্রমাণিত হয়েছে। কালের পরিক্রমায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অগ্রগতি ও সমৃদ্ধির মাধ্যমে ঘাতকদের ষড়যন্ত্রের জবাব অব্যাহত আছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, হাজার বছর ধরে পরাধীন বাঙালি জাতি স্বাধীনতার জন্য নিরন্তর সংগ্রাম করেছে। কিন্তু কোন সংগ্রাম বাঙালিকে স্বাধীনতার পূর্ণতা এনে দিতে পারেনি। নানা মত ও পথের সকল বাঙালিকে ঐক্যবদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই বাঙালির আত্মপরিচয়ের ঠিকানা বঙ্গবন্ধু।












