দীর্ঘ ২০ বছর শেষে আবারও আফগানিস্তানের শাসন ক্ষমতায় বসতে যাচ্ছে তালেবান। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সরকার ঘোষণা করতে যাচ্ছে তারা। তালেবানের প্রতিষ্ঠাতা প্রধান বা সাবেক আমীরুল মুমিনীন মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুবকে আফগানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনীত করেছে সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দ। একই সাথে নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তালেবানের আগের আমলের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকিকে নিয়োগ করা হচ্ছে। অপরদিকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সিরাজউদ্দিন হাক্কানীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
সোমবার (৬ সেপ্টেম্বর) তালেবানের শীর্ষ কয়েক নেতার বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এদিকে তালেবানের নতুন এ সরকারকে চীন স্বীকৃতি দিবে বলে জানিয়েছেন সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
সোমবার (৬ সেপ্টেম্বর) কাবুলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা চীনের পদক্ষেপকে ইতিবাচক দিক হিসেবে দেখি। তারা আমাদের নতুন সরকারকে স্বীকৃতি দেবে।
তালেবান মুখপাত্র বলেন, সরকার খুব আন্তরিকভাবে গঠিত হচ্ছে। শুধুমাত্র প্রযুক্তিগত কিছু বিষয় সম্পন্ন হওয়া বাকি। সরকার গঠন নিয়ে যে বিচ্ছিন্ন সংবাদ প্রচার হচ্ছে তা সঠিক নয়।










