তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রযুক্তি নির্ভর কৃষির উন্নয়নে কাজ করে যাচ্ছে কৃষি-বান্ধব সরকার। এর ফলে সমৃদ্ধি এসেছে কৃষিতে। খাদ্য ঘাটতির দেশ থেকে বাংলাদেশ খাদ্য রপ্তানীকারক দেশে পরিণত হয়েছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পলক বলেন, জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে সারাদেশের বিভিন্ন সেক্টরের সুষম উন্নয়নের সাথে কৃষিতে সমৃদ্ধি এসেছে। কৃষি যান্ত্রিকীকরণ কার্যক্রমের আওতায় ৫০ থেকে ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে সরকার। নিরবচ্ছিন্ন্ বিদ্যুৎ সরবরাহ এবং সেচেও ভর্তুকি প্রদান করা হচ্ছে।
পলক আরও বলেন, উন্নতমানের বীজ কৃষকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। সারের মূল্য হ্রাসসহ প্রণোদনা কর্মসূচিতে কৃষকদের নিয়মিত সার, বীজ ও অন্যান্য উপকরণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এখন আর সারের জন্যে কৃষকদের প্রাণ দিতে হয়না। কৃষকরা এখন ঘরে বসে তাদের চাষাবাদ ও সমস্যা সমাধানের পরামর্শ পাচ্ছেন। তাদের জন্য ডিজিটাল কৃষি তথা ‘ই-কৃষি’ প্রবর্তন করা হয়েছে।










