দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিক্ষার্থীরা আজ থেকে উপস্থিত হবে নিজ নিজ ক্লাশরুমে। করোনা মহামারির জন্য তৈরি হওয়া সঙ্কটের ফলে দেড় বছরের ছাত্র জীবন ছিল স্থগিত। তবে আজ থেকে পুনরায় ক্লাশে বসবে শিক্ষার্থীরা।
দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে আজ থেকেই ক্লাস শুরু হবে। ফলে উৎসবের আমেজ বিরাজ করছে শিক্ষার্থীদের মধ্যে।
শিক্ষক-অভিভাবকসহ সচেতন মহল বলছেন, স্কুল-কলেজ খোলার পর স্বাস্থ্যবিধি বজায় রাখাই এখন চ্যালেঞ্জ। যদিও স্বাস্থ্যবিধি নিশ্চিতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর-মাউশি এবং শিক্ষা মন্ত্রণালয়। শ্রেণি কার্যক্রম শুরুর সার্বিক প্রস্তুতি দেখতে আজ সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজিমপুর গার্লস স্কুল ও কলেজ পরিদর্শনে যাবেন।










