সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারত সরকার কথা দিয়েছে সীমান্তে আর হত্যাকাণ্ড ঘটবে না। ভারত সরকার এই প্রতিশ্রুতি রক্ষা করবে বলে আশা করি।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি একথা বলেন।
বিএনপি নেতাদের সীমান্ত নিয়ে কথা বলা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, তারা ভুলে গেছেন- বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত সমস্যার সমাধান হয়েছে শেখ হাসিনার হাত ধরেই। বিএনপি মুখে ভারত বিরোধিতার ফেনা তুললেও দেশটির সাথে নতজানু অবস্থান নিয়েছিল তারাই,যা তাদের সময়কালে দেশবাসী দেখেছে।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সাহসিকতা ও কূটনৈতিক দক্ষতায় বহুবছরের পুরনো ছিটমহল বিনিময় এবং সীমান্ত সমস্যা আন্তরিকতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বিএনপি তাদের শাসনামলে কোনও সমস্যার সমাধান তো করতে পারেইনি বরং প্রতিবেশী দেশের সাথে অবিশ্বাস আর আস্থাহীনতার দেয়াল তুলেছে। শেখ হাসিনার সরকার দেশ ও জনগণের স্বার্থকে সমুন্নত রেখে অবিশ্বাসের দেয়াল ভেঙে তৈরি করেছে সম্পর্কের সেতুবন্ধন।
তিনি বলেন, সীমান্ত সমস্যাকে জিইয়ে রেখে যারা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করেছিলেন, যারা ভারত সফরে গিয়ে পানি সমস্যা নিয়ে কথা বলতে ভুলেই গিয়েছিলেন, ভারতে সরকার পরিবর্তনের পর যারা ভারতীয় দূতাবাসের বন্ধ দরজায় ফুল আর মিষ্টি নিয়ে অপেক্ষায় ছিলেন,তার চেয়ে নতজানু নীতি আর কী হতে পারে?











