বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এখন গৃহবন্দী। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলার সাজা নিয়ে নির্বাসিত। আমাদের প্রায় ৩৫ লাখ নেতাকর্মী মিথ্যা মামলায় জর্জরিত। কয়েক হাজার মানুষ খুন-গুমের শিকার। এরকম পরিস্থিতিতে আমাদের দায়িত্ব নিজেদেরকে ঐক্যবদ্ধ করা। নিজেদের ঐক্যবদ্ধ করে একটি গণআন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে প্রতিহত করা।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিবের সাথে কৃষকদলের নতুন কমিটির নেতাদের সৌজন্য সাক্ষাত শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আজকে বাংলাদেশে কেউ ভালো নেই। কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত। তারা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান না। তারা কোনো ধরনের সাহায্য-সহযোগিতা পান না। এমনকি করোনার মতো একটি ভয়াবহ সময়েও কৃষকরা কোনো প্রণোদনা পাননি।
বিএনপি মহাসচিব বলেন, দেশ একটি ভয়াবহ সময় অতিক্রম করছে। আমরা এ সময় কৃষকদের কাছ থেকে আশা করবো তারা নিজেদেরকে সংগঠিত করবে। একইসাথে এদেশে যে ফ্যাসিস্ট সরকার জবরদখল করে ক্ষমতায় বসে আছে, তাদেরকে সরানোর জন্য কৃষকরা ভূমিকা রাখবে।











