নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাথা। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবী নিয়ে ভাবতেন। তিনি স্বাধীনতাকামী এবং অধিকার হারা মানুষের কথা ভাবতেন।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) কক্সবাজার জেলার সাংস্কৃতিক কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশকে বঙ্গবন্ধুর আদর্শ থেকে দিন দিন দূরে ঠেলে দিয়েছে। ২১ বছর দেশের উন্নয়নে তারা কোন কাজ করেনি। জিয়া, এরশাদ, খালেদা জিয়ারা বঙ্গবন্ধুকে কিভাবে খাটো করা যায়, তার পরিবারের ওপর কালিমা লেপন করা যায় সে চেষ্টা করেছে। কিন্তু তারা সেটি পারেনি।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধিকার থেকে স্বাধীনতা দিয়ে গেছেন। তার দৃষ্টিভঙ্গী ছিল সুদুরপ্রসারী। তিনি সোনার বাংলা সাজানোর কর্মসূচি দিয়েছিলেন। এখন বাংলাদেশ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শের ওপর দাড়িয়ে আছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। পদ্মা সেতু নির্মাণ, মাতারবাড়ীতে গভীর সমুদ্র নির্মাণসহ অনেক উন্নয়নমূলক কাজ প্রধানমন্ত্রীর দক্ষতায় করতে পারছি।










