ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, নাগরিক অধিকার, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় সংস্কৃতি ও মন-মানসিকতা তৈরীতে ওলামায়ে কেরাম দাওয়াত, শিক্ষা ও আন্দোলনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যান। ওলামায়ে কেরাম ঘাম ঝড়ানো পরিশ্রমের মাধ্যমে সামাজিক প্রতিষ্ঠান গড়ে তোলেন এবং নাগরিকদের নৈতিকভাবে প্রশিক্ষিত করেন।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় ওলামা মাশায়েখ-আইম্মা পরিষদ ঢাকা মহানগর উত্তর আয়োজিত নগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, ওলামারা দুনিয়াবী সম্পদ ও ক্ষমতাকে সর্বদাই এড়িয়ে চলেন। তারা নিবৃত্তে জাতি গঠনে কাজ করে যান। কিন্তু দুঃখের কথা হলো, ইসলামবিরোধী কায়েমি স্বার্থবাদি শক্তি বারংবারই ওলামাদের ওপরে খড়গহস্ত হয়। গ্রেফতার, হামলা ও মামলার মাধ্যমে দাঈ ও ওলামাদের হয়রানি করে। আতঙ্ক তৈরি করে দাওয়াহ, শিক্ষা ও আন্দোলনের পথকে রুদ্ধ করার চেষ্টা করে। যার পরিণতি কখনোই ভালো হয় না।
চরমোনাই পীর আরও বলেন, ইসলামের রাজনৈতিক ইতিহাসে ওলামাগণ জনগণের হয়ে শাসকদের সাথে ক্ষমতার ভারসাম্য রক্ষা করতেন। স্বাধীনতার ৫০ বছরে আজও ওলামায়ে কেরাম নানারকম হয়রানির শিকার হচ্ছেন। এর মূল কারণ আমাদের চিন্তার দূরত্ব। অতএব চিন্তায় দূরত্ব
কমিয়ে এনে উম্মাহর স্বার্থ চিন্তায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।











