সাধারণ জনতার উদ্দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমি আপনাদের বেতনভুক্ত চাকর। আপনাদের ট্যাক্সের টাকায় আমার সংসার চলে। তাই আপনাদের সেবা করাই আমার কাজ।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় নাটোরের সিংড়া উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পলক বলেন, এখন কোথাও আগুন লাগলে, চুরি-ডাকাতি হলে, মাদক ব্যবসা করলে, অ্যাম্বুলেন্স প্রয়োজন হলে ৯৯৯-এ ফোন করলেই সেবা পেয়ে যান জনগণ। আর এ সবকিছুই সম্ভব হয়েছে প্রযুক্তির সহায়তায়। শুধু তাই নয়, করোনাকালে স্কুল-কলেজ বন্ধ থাকলেও অনলাইন শিক্ষা চালু ছিল; যা সম্ভব করেছেন ডিজিটাল বাংলাদেশের স্থপতি সজীব ওয়াজেদ জয়।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের সব রাষ্ট্র যাতে করোনার ভ্যাকসিন পায় সেজন্য প্রধানমন্ত্রী জাতিসংঘে জোর দাবি জানান। এ জন্য আজ সারাবিশ্ব করোনার ভ্যাকসিন পাওয়ার নিশ্চয়তায় এসেছে।











