প্রতারণা ও সম্পদ হাতিয়ে নেওয়ার অভিযোগে জনপ্রিয় ওয়ায়েজ মুফতী কাজী ইবরাহীমের বিরুদ্ধে জেড এম রানা নামে এক ব্যক্তি বাদী হয়ে
ডিএমপির মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মুফতী কাজী ইবরাহীমের বিরুদ্ধে আজ (মঙ্গলবার) একটি মামলা দায়ের হয়েছে। জেড এম রানা নামে এক ব্যক্তি বাদী হয়ে ৪২০, ৪০৬ ও ৩৮৫ ধারায় মামলাটি করেন।
এর আগে সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে জনপ্রিয় ইসলামী এ বক্তাকে আটক করে ডিবির একটি দল।
আটকের বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের কমিশনার একেএম হাফিজ আক্তার একটি গণমাধ্যমকে বলেন, ডিবি কার্যালয়ে হেফাজতে নিয়ে মুফতী কাজী ইবরাহীমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বিভিন্ন সময় তিনি করোনা নিয়ে মিথ্যাচার, ধর্মীয় ‘উসকানিমূলক’ বক্তব্য, বিভিন্ন মাধ্যমে মানুষকে হিন্দুস্থানের দালাল ও ‘র’ এর এজেন্ট বলে আখ্যায়িত করেন। এসব বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তিনি এসব ব্যাপারে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।











