চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় রাজশাহীর সারদার আদলে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের জন্য ৭২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সলিমপুরের অবকাঠামো উন্নয়নসংক্রান্ত এক সভা শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ একাডেমির জন্য জমি দেখা হচ্ছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারটি বায়েজিদ লিংক রোডের পাশে স্থানান্তর করা হবে। একই সঙ্গে জঙ্গল সলিমপুরের অধিবাসীদের পুনর্বাসনের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। বিভিন্ন সময়ে যারা অবৈধভাবে সেখানে বসতি স্থাপন করেছেন তাদের পুনর্বাসনের বিষয়টিও এর আওতায় থাকবে।
তিনি আরও বলেন, সবকিছু সুশাসনের আওতায় এনে জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসের অভয়ারণ্য থেকে মুক্ত করা হবে। এজন্য পুলিশ, বিজিবি, র্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে জায়গা নেওয়া হয়েছে। সেখানে সংশ্লিষ্ট বাহিনীগুলো প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ করবে এবং ওই এলাকায় সুশাসন নিশ্চিত করবে।
আন্তর্জাতিক মহলের সহযোগিতায় রোহিঙ্গা প্রত্যাবাসন অবশ্যই সম্ভব বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীসহ নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা মোকাবিলায় সেখানে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া ক্যাম্পের বাইরে নষ্ট হয়ে যাওয়া কাঁটাতারের বেড়া মেরামত করা হবে। পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।











