spot_img
spot_img

হাসিনার কবর দেশে দেওয়ার মতো সাহস আ.লীগের নেই: রাশেদ খাঁন

অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না। বাংলাদেশে ফেরা তো দূরের কথা, তার কবর বাংলাদেশে দেওয়ার মতো সাহস আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি বলেন, আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। কিছু দোসর এখনো হম্বিতম্বি করছে। তাদের মোকাবিলায় ছাত্রদলই যথেষ্ট। অন্য কোনো সহযোগী সংগঠনের প্রয়োজন হবে না।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, আমেরিকা কিংবা ভারতের কাছে মাথানত করে বিএনপি দেশ পরিচালনা করবে না। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আমেরিকা বা ভারত বাংলাদেশকে কোনো চাপ দিচ্ছে, এমন কিছু তার জানা নেই।

ভারতীয় হাইকমিশনারকে উদ্দেশ করে তিনি বলেন, শেখ হাসিনা একজন দখলদার ছিলেন। তাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে অন্যায় করেছে। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে শেখ হাসিনা এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীদের, যারা ভারতে পালিয়ে রয়েছে, বাংলাদেশের সরকারের কাছে হস্তান্তর করতে হবে। এর আগে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সুযোগ খুবই কম।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিকে গুলি করে হত্যা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাগুরার পারনান্দুয়ালী এলাকায় সংঘর্ষের মধ্যে তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

পরে রাশেদ খাঁন শহীদ মেহেদী হাসান রাব্বির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় মাগুরা জেলা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ