spot_img
spot_img

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে দুই নারীসহ তিনজনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। একই সময়ে নতুন করে ৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

মৃত তিনজন হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৬৫ বছর বয়সী হারিছা বেগম, নান্দাইল উপজেলার ১৮ বছর বয়সী মিনহাজ এবং টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৪৫ বছর বয়সী মরিয়ম।

হাসপাতাল সূত্রে জানা যায়, হারিছা বেগম ৮ অক্টোবর রাত ২টা ১৫ মিনিটে হাসপাতালে ভর্তি হন। একই দিন সকাল ১১টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। তার মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডায়াবেটিসজনিত কিটোঅ্যাসিডোসিসের সঙ্গে ডেঙ্গুজনিত রক্তক্ষরণজনিত শকের কথা উল্লেখ করা হয়েছে।

নান্দাইলের মিনহাজ ৭ অক্টোবর বিকেল ৩টা ৫০ মিনিটে হাসপাতালে ভর্তি হন। পরদিন ৮ অক্টোবর দুপুর ২টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। তার মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে জটিল ডেঙ্গু, ডেঙ্গুজনিত রক্তক্ষরণ এবং রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ায় গুরুতর জটিলতার কথা জানানো হয়েছে।

অন্যদিকে, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মরিয়ম ৮ অক্টোবর রাত ১টা ৩৩ মিনিটে হাসপাতালে ভর্তি হন। একই দিন সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, ডেঙ্গু জ্বরের পাশাপাশি মস্তিষ্কে রক্তপ্রবাহজনিত প্রতিবন্ধকতার কারণে সৃষ্ট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ৫৭ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১২৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৮৮ জন পুরুষ, ২৮ জন নারী ও ১১ জন শিশু। দুজন রোগী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩ হাজার ৫১২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ২৯ জনের মৃত্যু হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ