প্রথমবারের মতো কাতারে আইনসভার (শুরা কাউন্সিল) নির্বাচনে ভোট গ্রহণ চলছে।
শনিবার (২ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টায় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবং বিকেল পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
কাতারের নতুন আইন অনুযায়ী দেশটির আইনসভা মজলিশ আশ-শুরার ৪৫ সদস্যের মধ্যে ৩০ সদস্যকে নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা। বাকি ১৫ সদস্যকে পরে কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল-সানি মনোনয়ন দেবেন।
বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটাররা স্বচ্ছ প্লাস্টিকের বাক্সে ভোট দিচ্ছেন। ব্যালট বক্সের ওপর কাতারের জাতীয় প্রতীক নৌকা, খেজুর গাছ আর তলোয়ালের ছাপ দেখা গেছে।
জানা যায়, আইনসভায় ৩০টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮৪ জন প্রার্থী। তাদের মধ্যে ২৮ জন নারী প্রার্থী রয়েছেন।
কাতারের মোট জনসংখ্যা তিন লাখ ৩৩ হাজার হলেও আইন অনুযায়ী সবাই ভোট দিতে পারবেন না। ১৯৩০ সালের আগে দেশটির নাগরিকত্ব পাওয়া ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরাই শুধু এই নির্বাচনে ভোট দিতে পারবেন।











