বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভারতে অনেক এলাকায় বন্যা ও বৃষ্টির কারণে পেঁয়াজের দাম বেড়েছে। সেই দেশে দাম বাড়ায় আমাদের দেশেও পেঁয়াজের দাম বেড়েছে। ভারতে দাম কমলে এখানেও কমে আসবে। তবে বাজার মনিটরিং করা হচ্ছে। এছাড়া বিশ্ব বাজারে দাম বেশি হওয়ায় দেশে এর প্রভাব পড়েছে।
শুক্রবার (৮ অক্টোবর) বিকালে রংপুর নগরীর জাহাজ কোম্পানির মোড়ে ডায়মন্ড ওয়ার্ল্ড নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সারা দেশে প্রায় ২০ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। এর সঙ্গে অনেকেই জড়িত। গ্রাহকরা যখন ১ লাখ টাকার পণ্য অর্ধেক মূল্যে কেনার জন্য ই-কমার্স প্রতিষ্ঠানগুলোতে লগ্নি করেছে তখন তারা সরকারকে কি জানিয়েছে?
তিনি বলেন, সরকার চায় ই-কমার্স ব্যবসা ভালো করুক। এখন পর্যন্ত ১০-১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।











