ভারতের পশ্চিমবঙ্গের আলীপুরদুয়ার জেলার নন্দীগ্রামের নাম বদলে ‘মমতাময়ী নগর’ রাখা হয়েছে। তবে এটি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম নয়।
শনিবার দুপুরে আলীপুরদুয়ার ২ নম্বর ব্লকের শামুকতলা থানার অন্তর্গত সান্তালপুরের নন্দীগ্রামের নতুন নাম উদ্বোধন করেন তৃণমূল কংগ্রেসের নেতারা। সেখানে এ নামের একটি সাইনবোর্ডও টাঙানো হয়।
জানা গেছে, নন্দীগ্রামে ২০ বছর ধরে কোনো বিদ্যুৎ ছিল না। সে জন্য চরম ক্ষোভ ছিল গ্রামবাসীর। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেখানে বিদ্যুৎ পৌঁছেছে। এ কারণে খুশি হয়ে গ্রামবাসী গ্রামটির নাম ‘মমতাময়ী নগর’ রেখেছে।
গ্রামের মানুষ বলছে, আমাদের এত দিনের স্বপ্ন পূরণ হয়েছে। সে কারণে আমাদের গ্রামের নাম নন্দীগ্রাম বদলে দিদির নামে উৎসর্গ করেছি।
স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য শিবানী দেবনাথ বলেন, দীর্ঘদিন ধরে মামলা চলার পর গ্রামটিতে বিদ্যুৎ পৌঁছেছে। সে কারণে স্থানীয়রা গ্রামের নাম মমতাময়ী নগর রাখতে চান।
স্থানীয় বাসিন্দারা বলছেন, নন্দীগ্রাম আন্দোলনের নেতৃত্বে মমতা ছিলেন বলেই তার নামে এই গ্রামের নাম রাখতে চাই আমরা।












