লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে শাহ আলম রুবেল নামে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও চার বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সিরাজুদ্দৌলা কুতুবী এই রায় ঘোষণা করেন।
একই মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায় বোরহান উদ্দিন নামে এক ব্যক্তিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
সূত্রে জানা গেছে, রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের ফয়েজে নূর মাদরাসার দ্বিতীয়র শ্রেণির ওই ছাত্রী ২০১৮ সালের ২৩ মার্চ দুপুরে বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ঘটনায় তার মা রামগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ২৬ মার্চ উপজেলার ব্রক্ষ্মপাড়ার সেতুন নিচ থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
তদন্তে ধর্ষণের পর হত্যার বিষয়টি প্রমাণ হয়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে এবং ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পর আজ রায় দিয়েছেন আদালত।
এদিকে রায়ের পর মামলার বাদী ভুক্তভোগী শিশুর বাবা-মা সন্তোষ প্রকাশ করেছেন। দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন তারা।












