প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্যোগ মোকাবিলায় আমাদের সরকার সব ব্যবস্থা নিয়েছে, অন্য কোনো সরকার এগুলোর দিকে নজর দেয়নি। যতটুকু উদ্যোগ আমরা নিয়েছি, এগুলো বঙ্গবন্ধুই শিখিয়ে গেছেন। এখন ঝুঁকি মোকাবিলায় আমরা বিশ্বের আদর্শ দেশ। এই মর্যাদা যেন ধরে রাখতে পারি। আমাদের যেন শুনতে না হয়, যত মানুষ মরার কথা ছিল, তত মানুষ মারা যায়নি।
বুধবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত সিপিপির ৫০ বছর পূর্তি এবং আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের ভৌগলিক অবস্থায় এমন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেই চলতে হয়। এজন্য সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি দুর্যোগের ঝুঁকি এড়াতে সাধারণ মানুষকেও সচেতন থাকতে হবে।
তিনি বলেন, ভবনসহ স্থাপনা করার সময় নিয়ম মেনে করতে হবে। আগুন লাগলে, ভূমিকম্প হলে যাতে উদ্ধার কাজসহ নানা কাজগুলো করা যায়।
প্রধানমন্ত্রী বলেন, আমরা মনে করি, এই দেশ আমাদের। যত ঝুঁকি আসুক, উন্নয়ন কাজ অব্যাহত রাখতে হবে। আওয়ামী লীগ জনগণের পাশে আছে। করোনার মতো যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকবে।











